
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় দেশটির কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে আলআরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ যাত্রীবাহী বিমান যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু সময় পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
মাকাসার উদ্ধার ও তল্লাশি সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানটির সর্বশেষ অবস্থান হিসেবে মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকা শনাক্ত করা হয়েছে। ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থল ও আকাশপথে চলমান এই অভিযানে বিমানবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।
সংস্থাটির অপারেশন প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।
এদিকে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সভিত্তিক এটিআর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বিমানের সঙ্গে ঘটে যাওয়া ‘একটি দুর্ঘটনার’ বিষয়ে তারা অবগত। ইন্দোনেশীয় কর্তৃপক্ষের নেতৃত্বে চলমান তদন্তে সহায়তা করতে এবং অপারেটরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে এটিআরের বিশেষজ্ঞ দল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড দীর্ঘদিন ধরেই দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।












































