
ছবি: সংগৃহীত
সৌদি আরব নতুন করে বিপুল পরিমাণ সোনা উত্তোলনের মাধ্যমে তাদের খনিজ সম্পদের ভাণ্ডার আরও সমৃদ্ধ করেছে। দেশটির রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স, অর্থাৎ প্রায় ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন করেছে। খবর গালফ নিউজের।
মা’আদেনের এই সাফল্য সৌদি আরবকে বিশ্বমানের সোনা উৎপাদনকারী দেশের তালিকায় আরও শক্ত অবস্থানে পৌঁছে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে দেশের খনিজ খাতে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতার অগ্রগতিও এতে স্পষ্ট হয়েছে।
কোম্পানি সূত্র জানায়, শুরুতে ৯০ লাখ আউন্স সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হলেও বার্ষিক হিসাব সমন্বয়ের কারণে চূড়ান্ত লক্ষ্য কিছুটা কমানো হয়। তবুও নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি থেকে উল্লেখযোগ্য পরিমাণ সোনা উত্তোলন সম্ভব হয়েছে।
মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম ও ওয়াদি আল জাও—এই চারটি খনি এলাকা থেকেই সোনা উত্তোলন করা হয়। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ খনি থেকে সবচেয়ে বেশি, প্রায় ৩০ লাখ আউন্স সোনা পাওয়া গেছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে মিলেছে প্রায় ১৬ লাখ ৭০ হাজার আউন্স সোনা। নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো প্রায় ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়েছে।
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই অর্জন প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও জানান, সোনা অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ালে ভবিষ্যতে সৌদি আরবের সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বৃদ্ধি পাবে।













































