রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার

বেইজিংয়ে তীব্র তুষারপাত


উত্তর চীনের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবে ২০২৬ সালের প্রথম তুষারপাতে ঢেকে গেছে বেইজিং। শনিবার সকাল থেকে এই ভারী তুষারপাত শুরু হয়েছে এবং রোববার বিকেল নাগাদ এটি শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত ৯টা নাগাদ শহরের অধিকাংশ এলাকা তুষারপাতের কবলে পড়ে। সেখানে গড় তুষারপাতের পরিমাণ ছিল ০ দশমিক ৬ মিলিমিটার। ফাংশান জেলায় সর্বোচ্চ ৬ মিলিমিটার তুষার জমেছে।

পৌর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পিচ্ছিল রাস্তাঘাট এবং দীর্ঘস্থায়ী নিম্ন তাপমাত্রার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।

অন্যদিকে শিচিংশান, মেনথৌকৌ, ছাংপিং, ফেংথাই, ফাংশান, হাইতিয়ান এবং ইয়ানছিং জেলায় ভারী তুষারপাতের জন্য ‘নীল সতর্কতা’ জারি করা হয়েছে।

আবহাওয়ার ঝুঁকির তীব্রতা বোঝাতে চীনে চার স্তরের একটি রঙ-ভিত্তিক সতর্কীকরণ ব্যবস্থা চালু আছে। ‘লাল’ রঙ সবচেয়ে ভয়াবহ অবস্থার নির্দেশ করে, এর পরে রয়েছে কমলা, হলুদ এবং নীল।

শহর কর্তৃপক্ষ মহাসড়কগুলো থেকে তুষার সরাতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে। তুষার অপসারণে ৩১টি যন্ত্রপাতির মধ্যে সুইপিং রোলার ব্যবহার করা হয়েছে। তুষারপাত বাড়লে এবং রাস্তা বেশি জমে গেলে যান চলাচল স্বাভাবিক রাখতে স্নো প্লাউ ব্যবহার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে, প্রতিবেশি থিয়েনচিন পৌরসভায়তেও শনিবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। তবে রাস্তার উপরিভাগের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শহরের ভেতরের যান চলাচল খুব একটা ব্যাহত হয়নি। তুষারপাতের ফলে তিয়ানচিন এক চমৎকার শীতকালীন রূপ ধারণ করেছে, এখানকার অনেক বাসিন্দাই ছবি তুলতে ঘরের বাইরে বেরিয়ে আসেন।