বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৯ জানুয়ারি ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
শেয়ার

সোনার দামে ফের নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা


gold

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার মূল্য। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা।