
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্কুলশিক্ষার্থীদের বহন করা একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শহরের দক্ষিণে শিল্পনগরী ভ্যান্ডারবাইলপার্কের কাছে সোমবার (১৯ জানুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিপজ্জনকভাবে ওভারটেক করার চেষ্টার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় ‘দায়িত্বজ্ঞানহীন হত্যাকাণ্ড’ অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এক বিবৃতিতে তিনি নিহত শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে দেশটির পরিবহনমন্ত্রী বারবারা ক্রিসি বলেন, দক্ষিণ আফ্রিকার সড়কে মৃত্যুর সংখ্যা এখনো ‘জাতীয় লজ্জার কারণ’। যদিও গত বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। পরিবহনমন্ত্রী জানান, অতিরিক্ত গতি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই এসব মৃত্যুর প্রধান কারণ।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোট ১১ হাজার ৪১৮ জন নিহত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। তবুও প্রতিদিন গড়ে ৩১ জন মানুষের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়।













































