বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি


pakistan-earthquake

ফাইল হচবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে সোমবার (১৯ জানুয়ারি) একটি ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের তীব্রতায় পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, গিলগিট-বালতিস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় মাটির তৈরি ঘরবাড়ি ভূমিকম্পের কারণে ধসে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ার ফলে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়কও বন্ধ হয়ে যায়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সড়ক দিয়ে যাওয়ার সময় ওপর থেকে পড়া একটি পাথরের আঘাতেই একজনের মৃত্যু হয়। বর্তমানে আটকে পড়া সড়কগুলো পরিষ্কার করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহের চেষ্টা করছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পের প্রাকৃতিক শক্তি এবং অঞ্চলের ভূ-প্রাকৃতিক গঠনের কারণে এখানে প্রায়ই কম্পন অনুভূত হয়। তবে এবারের ভূমিকম্পটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে।