
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ বাড়ানোর প্রেক্ষাপটে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লামিদির কোলোকোলৎসেভ কিউবা সফর শুরু করেছেন। মঙ্গলবার তার এই সফরকে হাভানার কমিউনিস্ট সরকারের প্রতি মস্কোর রাজনৈতিক সংহতির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প কিউবাকে সতর্ক করে বলেছেন, দেশটি ‘পতনের দ্বারপ্রান্তে’ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না চললে ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে। এর মধ্যেই রুশ মন্ত্রীর এই সফর শুরু হলো।
কিউবায় পৌঁছে কোলোকোলৎসেভ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ‘উসকানিহীন আগ্রাসন’ বলে মন্তব্য করেন এবং বলেন, বাইরের হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
হাভানায় রুশ দূতাবাস জানায়, সফরকালে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও অর্থনৈতিক সংকটে থাকা কিউবা সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করেছে।
এদিকে কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকর্তারাও সামরিক পর্যায়ে বৈঠক করেছেন।












































