বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জানুয়ারি ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
শেয়ার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র


Who

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের এক বছর পর গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তাদের মূল লক্ষ্য থেকে সরে এসেছে এবং সংস্কার, জবাবদিহি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সংস্থাটির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

মার্কিন প্রশাসনের অভিযোগ, ডব্লিউএইচও কোভিড-১৯-কে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি ঘোষণা করতে দেরি করেছে এবং অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাশাপাশি চীনসহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে বেশি অনুদান দিয়েছে বলেও দাবি করা হয়।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী এক বছর আগে অবহিত করার বাধ্যবাধকতা পূরণ করেই যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও ত্যাগ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ সময়কালের জন্য যুক্তরাষ্ট্রের ২৭ কোটি ডলারের বেশি অনুদান বকেয়া রয়েছে, তবে ট্রাম্প প্রশাসন মনে করে এই অর্থ পরিশোধে তারা আইনগতভাবে বাধ্য নয়।

হোয়াইট হাউস জানিয়েছে, ডব্লিউএইচওর বাইরে থেকেও যুক্তরাষ্ট্র বৈশ্বিক জনস্বাস্থ্যে সক্রিয় ভূমিকা রাখবে। এদিকে ডব্লিউএইচও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাহী বোর্ডের সভায় আলোচনা করা হবে।

সূত্র:এবিসি নিউজ