বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ জানুয়ারি ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শেয়ার

পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন ছাড়া জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না: শ্রিংলা


harshvardhan-shringla

হর্ষবর্ধন শ্রিংলা। ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন ছাড়া জামায়াতে ইসলামী কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াত কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তার দাবি, অতীতে জামায়াত সর্বোচ্চ পাঁচ থেকে সাত শতাংশ ভোটের বেশি পায়নি এবং অন্য রাজনৈতিক দলের সহায়তায় তারা টিকে ছিল। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে, অন্যথায় তা অসম্ভব।

বিশ্বকাপ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে শ্রিংলা বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি বড় ভুল করেছে। এই সিদ্ধান্তের ফলে দেশের ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও নেতিবাচক হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাবেক এই হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। তিনি দাবি করেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি এবং যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।