শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৫ জানুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা


Moushi

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি জানুয়ারির বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৫ জানুয়ারি) জারি করা নির্দেশনায় জানানো হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত জনবলের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি পদ্ধতিতে পরিশোধ করা হচ্ছে। এ ব্যবস্থার আওতায় জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়েছে। পরবর্তীতে আগস্ট ২০২৫ থেকে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার পদ্ধতি চালু করা হয়।

নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানপ্রধানকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন পাঠানো হবে।

এছাড়া কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে আংশিক কিংবা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল দাখিলের সময় স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী প্রাপ্যতা নির্ধারণ করেই বিল সাবমিট করতে হবে।

মাউশি আরও জানিয়েছে, ইএফটি ব্যবস্থায় এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে বেতন প্রদানে জটিলতা সৃষ্টি হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।