
ছবি: সংগৃহীত
বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের নবনির্মিত গোল্ড ডিস্ট্রিক্টে এই ব্যতিক্রমধর্মী সড়কটি তৈরি করা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড স্ট্রিট’। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুবাই মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ ঘোষণা দেয় দুবাইভিত্তিক আবাসন ও উন্নয়ন প্রতিষ্ঠান ইথরা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সড়কটির নকশা, নির্মাণপদ্ধতি ও ব্যবহারযোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
স্বর্ণ শিল্পে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতেই দুবাইয়ে গড়ে তোলা হচ্ছে গোল্ড ডিস্ট্রিক্ট, যাকে বলা হচ্ছে আমিরাতের নতুন ‘হোম অব গোল্ড’। এই এলাকায় স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট পাইকারি ও খুচরা ব্যবসা, বুলিয়ন মার্কেট এবং বিনিয়োগ–সংশ্লিষ্ট সব সুবিধা এক ছাতার নিচে পাওয়া যাবে।
সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ। ২০২৪–২৫ সময়ে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদার। স্বর্ণ বাণিজ্যে শক্ত অবস্থানের কারণে দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাজার হিসেবে পরিচিত।
গোল্ড ডিস্ট্রিক্টে এক হাজারের বেশি খুচরা দোকান স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব দোকানে সোনা ও গহনার পাশাপাশি সুগন্ধি, প্রসাধনী এবং জীবনধারাভিত্তিক নানা পণ্য বিক্রি হবে। ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল–রোমাইজান ও তানিশকের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড সেখানে তাদের শোরুম চালু করেছে।
এ ছাড়া জনপ্রিয় গয়নার ব্র্যান্ড জয়–আলুক্কাস ২৪ হাজার বর্গফুটের একটি বিশাল শোরুম স্থাপনের ঘোষণা দিয়েছে, যা বাস্তবায়িত হলে তা হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গয়নার শোরুম।
বিশ্বের প্রথম ‘সোনার সড়ক’ নির্মাণের এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।





































