রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ জানুয়ারি ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
শেয়ার

সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়: ইরান


Abbas-Agharchi

যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি অব্যাহত রাখে, তাহলে কোনো ধরনের আলোচনায় রাজি হবে না ইরান—এমন কড়া অবস্থান নিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ না করায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বাধীন যুদ্ধবহর ইতোমধ্যে অঞ্চলে পৌঁছেছে, তবে নিরাপত্তার কারণে এর নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা বা দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিশেষ অভিযান চালাতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক হুমকির মাধ্যমে কূটনীতি কার্যকর হয় না। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, সত্যিকারের আলোচনা চাইলে হুমকি, অতিরিক্ত দাবি ও অযৌক্তিক শর্ত আরোপ বন্ধ করতে হবে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং ইরানও নতুন করে আলোচনার উদ্যোগ নেয়নি।

উত্তেজনার মধ্যে ইরান গোপন কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে কথা বলেন। কাতার জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা কমানো ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিও আলাদাভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সংলাপ পুনরায় শুরু করার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।