
ছবি: সংগৃহীত
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পতিত হয়ে বিমানের সব আরোহী মারা গেছেন। নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী ও দুজন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলা সীমান্ত সংলগ্ন পাহাড়ি ও দুর্গম এলাকায়।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা জানিয়েছে, দুর্ঘটনাটি বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে ঘটে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট ১৯০০ মডেলের টুইন-প্রপেলার উড়োজাহাজ।
সাতেনা জানিয়েছে, ফ্লাইট এনএসই ৮৮৪৯ কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। বিমানটির স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ১১ মিনিট আগে এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারকারী দল পরে একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিমান সংস্থা এটিকে কেবল ‘মারাত্মক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।
সরকারি সূত্র জানায়, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। যাত্রীদের স্বজনদের জন্য হটলাইন চালু করা হয়েছে। অভিযান চলাকালীন কলম্বিয়ার সশস্ত্র বাহিনীও সহায়তা করছে।
উল্লেখ্য, কুকুতা অঞ্চলটি পাহাড়ি হওয়ায় এখানকার আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। পাশাপাশি কিছু অংশ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে পরিচিত গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।




































