
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।
থাই বিমানবাহিনী জানায়, যুদ্ধ ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে সকাল ১০টা ২০ মিনিটে দুই আসনের একটি এটিএ–৬ প্রশিক্ষণ বিমান আকাশে ছিল। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানবাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, দুর্ঘটনার সময় বিমানে থাকা দুই পাইলটই ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে, গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্ট এলাকার কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয়জন থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।



































