রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

৭ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক প্রত্যাহার চায় জামায়াত, ইসির ‘না’


Jamate islami

ফাইল ছবি

নির্বাচনী সমঝোতার কারণে জোটের শরিকদের সাতটি আসন ছেড়ে দিলেও ব্যালট পেপার থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সরাতে পারছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সময়ের পর প্রতীক বাতিলের জন্য জামায়াতের করা আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির পক্ষ থেকে দলটিকে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পর্যায়ে ব্যালট থেকে প্রতীক বাদ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইসিকে দেওয়া চিঠিতে জানিয়েছিলেন, ১০ দলীয় জোটের সমঝোতার ভিত্তিতে তারা নরসিংদী-২ ও ৩, চট্টগ্রাম-৮ ও ১২, ভোলা-২, নারায়ণগঞ্জ-৩ এবং সুনামগঞ্জ-১ আসনগুলো শরিক দল এলডিপি, বিকেএম, এনসিপি ও নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছেন। কিন্তু ওই আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা যথাসময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় ব্যালট পেপারে দাঁড়িয়ে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ভোটারদের বিভ্রান্ত করতে পারে। তাই সেগুলো বাতিলের অনুরোধ করা হয়।

তবে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে জানায়, প্রার্থিতা প্রত্যাহারের নির্দিষ্ট সময়ের পরেই কেবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেই সময় পার হয়ে যাওয়ার পর কোনো নিবন্ধিত দলের প্রতীক পরিবর্তনের সুযোগ থাকে না। ফলে জামায়াতের ওই প্রার্থীরা কারিগরিভাবে এখনো ভোটের মাঠে বহাল থাকছেন।

ইসির এই সিদ্ধান্তের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ওই সাতটি আসনে জোটের শরিক দলের প্রার্থীদের পাশাপাশি জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও ব্যালট পেপারে দৃশ্যমান থাকবে। অর্থাৎ, জামায়াতের প্রার্থীরা প্রতীকসহ জোটের মনোনীত প্রার্থীদের সঙ্গে ভোটযুদ্ধে থেকে যাচ্ছেন, যা জোটের অভ্যন্তরীণ ভোট ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।