
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে জনসভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন—এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, ‘দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। এই জনসভায় তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।’











































