রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ জানুয়ারি ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
শেয়ার

শারীরিক সম্পর্ক ও মদ্যপানের দায়ে অবিবাহিত যুগলকে ১৪০ বেত্রাঘাত


Indonesia-couple

বিয়ের আগে শারীরিক সম্পর্ক ও মদ্যপানের দায়ে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক যুগলসহ মোট ছয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী এক তরুণীকে তিনজন নারী কর্মকর্তা বেত্রাঘাত করেন। শাস্তির সময় তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার ওই যুগলের পাশাপাশি আরও চারজনকে বেত্রাঘাত করা হয়। তাঁদের মধ্যে আচেহর ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিলেন। সবার বিরুদ্ধে শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

আচেহ প্রদেশে শরিয়া আইন অনুযায়ী বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে ১০০ বেত্রাঘাত এবং মদ্যপানের জন্য ৪০ বেত্রাঘাতের বিধান রয়েছে।

বিবিসি জানায়, ইসলামিক ফোর্সের ওই সদস্যকে ব্যক্তিগত স্থানে নারী সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ায় ২৩ বার বেত্রাঘাত করা হয়েছে। আচেহর ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল জানান, ওই সদস্যকে তাঁর সঙ্গীর বাড়ি থেকে আটক করা হয় এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।