রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩১ জানুয়ারি ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
শেয়ার

‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় পাকিস্তানে ৮ পুলিশ সদস্য নিহত


pakistan police

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো ‘সমন্বিত’ হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একাধিক পুলিশ স্টেশন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় জাতিগত বেলুচ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

দশকের পর দশক ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখে রয়েছে পাকিস্তান। খনিজসম্পদে সমৃদ্ধ আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশে বিদ্রোহীরা নিয়মিতভাবে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং অন্যান্য প্রদেশ থেকে আসা কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

কোয়েটাভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কোয়েটা, পাসনি, মাসতুং, নুশকি ও গোয়াদার জেলায় একযোগে গুলিবর্ষণ ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে।’

হামলার পর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পরিস্থিতির কারণে ইন্টারনেট ও রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং জোরদার নিরাপত্তা অভিযান চলছে।

বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি। সংগঠনটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ও আত্মঘাতী হামলা চালিয়েছে।

তবে পাকিস্তান সরকার এখনো বিএলএর দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এই হামলাগুলো ঘটে এমন এক সময়, যখন একদিন আগেই পাকিস্তানি সেনাবাহিনী বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প