মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
শেয়ার

জানুয়ারিতে নগদের রেকর্ড লেনদেন, এক মাসে ছাড়াল ৪০ হাজার কোটি টাকা


Nagad

নতুন বছরের শুরুতেই ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে নগদের মাধ্যমে লেনদেন হয়েছে ৪০ হাজার ৩০১ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

যাত্রা শুরুর সাত বছরের মধ্যেই নগদ দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের কাতারে উঠে এসেছে। এ সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেন—উভয় ক্ষেত্রেই ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে। জানুয়ারির এই রেকর্ড লেনদেনের বড় অংশ এসেছে ক্যাশ ইন ও ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং প্রবাসী আয়ের লেনদেন থেকে।

নতুন এই মাইলফলক অর্জনে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা অর্জন এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই নগদের মূল লক্ষ্য। এর ফলেই দিন দিন নগদের লেনদেনের পরিমাণ বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা হিসেবে নগদ উন্নত ও নিরাপদ সেবার মাধ্যমে গ্রাহকদের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে। এতে নতুন গ্রাহক যুক্ত হওয়ার পাশাপাশি বিদ্যমান গ্রাহকরাও আগের তুলনায় বেশি লেনদেন করছেন। সেবার পরিধি বৃদ্ধি ও নতুন কার্যক্রম চালুর ফলে নগদের লেনদেন সক্ষমতাও ক্রমেই বাড়ছে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে নগদ এক মাসে সর্বোচ্চ ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার লেনদেনের রেকর্ড গড়েছিল। এছাড়া ২০২৫ সালের মার্চ মাসে লেনদেন ৩৪ হাজার কোটি টাকা ছাড়ায় এবং ২০২৪ সালের জুনে এক মাসে ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল।

সব মিলিয়ে ২০২৫ সালে নগদের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর আগের বছর ২০২৪ সালে এই অঙ্ক ছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প