
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৭০০ মিটার উচ্চতায় বায়ুবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে চীন। দেশটির সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে এ বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হচ্ছে।
সোমবার এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং টারবাইনগুলো থেকে সফলভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান ‘চায়না হুয়ানেং গ্রুপ’ এ তথ্য নিশ্চিত করেছে।
পুরো প্রকল্পে মোট ৪৫টি টারবাইন থাকবে, যার প্রতিটি ৬.৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। সব মিলিয়ে এর ক্ষমতা ৩০০ মেগাওয়াট। এটি বছরে গড়ে প্রায় ৬১ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ তৈরি করবে, যা দিয়ে প্রায় ২০ হাজার পরিবারের বার্ষিক বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব।
প্রকল্প ব্যবস্থাপক তোং কুওছিয়াং জানান, এই কেন্দ্রটি চালু হওয়ায় প্রতি বছর ৫ লক্ষ টনের বেশি কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমবে। এছাড়া এটি স্থানীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নের দিকে এক বড় ধাপ। এছাড়া জরুরি প্রয়োজনে বিদ্যুৎ জমা রাখার জন্য এখানে একটি বিশাল এনার্জি স্টোরেজ স্টেশনও রাখা হয়েছে।
সূত্র: সিএমজি



































