৯০ বছর বয়সে প্রথমবারের মতো গ্র্যামি জিতে নতুন এক ইতিহাস গড়লেন তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় আয়োজিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তাঁর ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’ অ্যালবামটি সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই বিভাগে তিনি কেথি গারভার, ট্রেভর নোয়া এবং মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসনের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে এই সম্মাননা জিতে নেন।
অপূর্ব এই অ্যালবামটিতে দালাই লামার সাথে সহযোগী হিসেবে ছিলেন বিশ্ববিখ্যাত সারোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর দুই ছেলে আমান ও আয়ান আলী ব্যাঙ্গাশ। তিব্বতি আধ্যাত্মিক শিক্ষার সাথে ভারতীয় ধ্রুপদি সংগীতের এক অনন্য মেলবন্ধন ঘটেছে এই প্রজেক্টে। দালাই লামার কণ্ঠের বক্তৃতায় ফুটে উঠেছে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা এবং পরিবেশ সচেতনতার জোরালো বার্তা, যা শ্রোতাদের এক ভিন্নধর্মী ধ্যানমগ্ন ও চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা দেয়।
এই বিরল অর্জন নিয়ে দালাই লামা অত্যন্ত বিনয় প্রকাশ করে জানিয়েছেন, এই পুরস্কার তাঁর কোনো ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বিশ্বব্যাপী শান্তি, মানব ঐক্য এবং পরিবেশ রক্ষার প্রতি দায়বদ্ধতার এক বৈশ্বিক স্বীকৃতি। তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় তৈরি এই অ্যালবামটি মূলত তাঁর বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ শিক্ষার সংকলন, যা মানুষের কল্যাণ ও পৃথিবীর সুরক্ষার কথা বলে।
প্রকল্পটির সঙ্গে যুক্ত থেকে আমজাদ আলী খান নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি তাঁর কাছে এক বিরাট সম্মানের বিষয়। দালাই লামার শিক্ষার প্রেরণায় তৈরি এই গভীর ব্যক্তিগত প্রকল্পটি শান্তি ও আশার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সংগীত আর আধ্যাত্মিক দর্শনের এই মিলন এখন বিশ্বমঞ্চে অনন্য এক সম্মানে ভূষিত হলো।










































