
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরের কুচাই লামা এলাকায় একটি মানবপাচার চক্রের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একটি আবাসিক ভবনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অবৈধভাবে অভিবাসী পাচারের অভিযোগে ১৯ জন বাংলাদেশিসহ মোট ২০ জন বিদেশিকে আটক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) কুচাই লামা এলাকায় পরিচালিত এই ধারাবাহিক অভিযানে ‘সোজুল গ্যাং’ নামে পরিচিত একটি মানবপাচার চক্রের দুই মূল পরিবহনকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক এবং অন্যজন বাংলাদেশি। ধারণা করা হচ্ছে, এই দুজনই চক্রটির অবৈধ যাতায়াত ও পরিবহনের দায়িত্বে ছিল।
অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে জাকারিয়া শাবান জানান, প্রথম অভিযানটি চালানো হয় দুপুর দেড়টার দিকে একটি সুপারমার্কেটের পার্কিং লটে। সেখানে দুটি সন্দেহভাজন গাড়ি থামিয়ে তল্লাশি করা হলে ছয়জন বাংলাদেশি পুরুষ, একজন বাংলাদেশি নারী এবং একজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অবৈধভাবে মালয়েশিয়ায় আনা হচ্ছিল।
পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুচাই লামা এলাকার একটি আবাসিক ভবনে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। ওই ভবনটি পাচারকারী চক্রটি তাদের আস্তানা এবং ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে আরও ১২ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তারা প্রতিবেশী একটি দেশ থেকে সম্প্রতি মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং রাজধানীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যে পাচারের অপেক্ষায় ছিল।
অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটকের পাশাপাশি মানবপাচারে ব্যবহৃত দুটি যানবাহন, বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট এবং বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অর্থের মধ্যে ৮২ হাজার ১০০ মালয়েশীয় রিঙ্গিত এবং ৩ হাজার ৭০০ মার্কিন ডলার রয়েছে।
তদন্তে জানা গেছে, এই পাচারকারী চক্রটি ২০২৫ সালের ডিসেম্বর থেকে সক্রিয় ছিল। তারা মূলত তৃতীয় দেশের রুট ব্যবহার করে অভিবাসীদের মালয়েশিয়ায় নিয়ে আসত এবং কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করাত। ইমিগ্রেশন মহাপরিচালক সতর্ক করে বলেন, মানবপাচারবিরোধী আইনের অধীনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।











































