
দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপ্যালিটিতে প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীনের তৈরি ওয়াইএইচ ১০০০এস। যা বিশ্বের প্রথম হাইব্রিড মানববিহীন কার্গো বিমান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডায়নামিক্স।
প্রথম উড্ডয়নের সময় ওয়াইএইচ ১০০০এস-এ ব্যবহৃত হয়েছিল উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন হাইব্রিড পাওয়ার সিস্টেম।
আগের মডেল ওয়াইএইচ ১০০০-এর তুলনায় নতুন বিমানটি কম দৌড়ের দূরত্বে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। পাশাপাশি পে-লোড ক্ষমতা বাড়ানো হয়েছে এবং উড্ডয়নের পরিসরও বাড়ানো হয়েছে।
চায়না একাডেমি বলেছে, ওয়াইএইচ-১০০০এস বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহার করা যেতে পারে আন্তর্জাতিক লজিস্টিকস ও ডেলিভারি, জরুরি উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা, কৃত্রিম আবহাওয়া নিয়ন্ত্রণ, সমুদ্র পর্যবেক্ষণ এবং সমুদ্র তদারকির মতো ক্ষেত্রে।
সূত্র: সিএমজি



































