
ছবি: সংগৃহীত
জাপানে গত দুই সপ্তাহ ধরে চলা টানা ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তার মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে পড়ে আসা তুষারের নিচে চাপা পড়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চল। সেখানে উদ্ধার তৎপরতা ও তুষার অপসারণের কাজে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। কিছু দুর্গম এলাকায় এখনো প্রায় সাড়ে চার মিটার পর্যন্ত তুষার জমে রয়েছে।
পরিস্থিতির অবনতিতে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তীব্র তুষারপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। জাপান সাগর উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পরিমাণ তুষার জমেছে।
আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা বলেন, তুষার পরিষ্কার কার্যক্রম জোরদার করতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য সামরিক বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তুষারের অতিরিক্ত ভারে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির ঝুঁকি রয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে।



































