শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শেয়ার

ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে আসছে ‘টিফিন বক্স’ 


Tiffin boxবাঙালি সংস্কৃতিতে ‘খাওয়ানো’ বা ‘খাবার ভাগ করে নেওয়া’ হলো ভালোবাসার অন্যতম এক আদিম ও বিশুদ্ধ প্রকাশ । এই খাবারকে অনুষঙ্গ করেই ভালোবাসার এক অনন্য দৃশ্যকাব্য নির্মাণ করেছেন পরিচালক রাকায়েত রাব্বি । ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ ফ্ল্যাশ ফিকশন ‘টিফিন বক্স’ ।

আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা (অর্থাৎ ১০ ফেব্রুয়ারি) থেকে দর্শক চরকির পর্দায় এই সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্রটি দেখতে পাবেন । রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এই প্রোডাকশনে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শারমিন সুলতানা শর্মী ও টুনটুনি সোবহান।

Tiffin boxগল্পের প্রয়োজনে অভিনেতা প্রান্তর দস্তিদারকে একজন দক্ষ রন্ধনশিল্পী হিসেবে দেখা যাবে, যিনি মানুষকে খাইয়ে আনন্দ পান । তবে মজার বিষয় হলো, বাস্তবে তিনি রান্নার ‘তেল-নুন-মসলার সমীকরণ’ খুব একটা বোঝেন না ।

অন্যদিকে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনীত ‘মিতু’ চরিত্রটি স্বাধীনচেতা ও বাঁধনহীন থাকতে পছন্দ করলেও বাস্তবে চমক নিজে পছন্দের মানুষদের রেঁধে খাওয়াতে বেশ ভালোবাসেন।তার অভিনীত চরিত্রটি সম্পর্কে চমক বলেন, “মিতু অনেক আনন্দে বাঁচতে চায়, তবে একসময় তাকেও বলতে হয়-সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না”।

Tiffin boxপরিচালক রাকায়েত রাব্বি মনে করেন, আমাদের সমাজে ‘খেয়েছো?’ শব্দটির ভেতরেই লুকিয়ে থাকে গভীর যত্ন ও ভালোবাসা । তিনি বলেন, “শহরের কোলাহলে যখন মানুষ একা হয়ে পড়ে, তখন খাবার ও ভালোবাসাই পারে মানুষের ভারসাম্য ফিরিয়ে আনতে। এটি মূলত সময় ও অস্তিত্বের এক লড়াই” ।

‘টিফিন বক্স’ মূলত চরকির একটি ফ্ল্যাশ ফিকশন উদ্যোগ, যা প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি । এ ধরনের কনটেন্টকে ‘স্লাইস অফ লাইফ’ বলা হয়, যেখানে জীবনের ছোট ছোট মুহূর্তের গভীর প্রভাব তুলে ধরা হয় । এর আগে চরকিতে ‘খুব কাছেরই কেউ’, ‘অন্ধ বালক’, ‘গ্যাড়াকল’ সহ মোট ৫টি ফ্ল্যাশ ফিকশন মুক্তি পেয়েছে ।