রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
শেয়ার

এপস্টেইন কেলেঙ্কারি

অনুতপ্ত বিল গেটস, সাবেক স্ত্রী বললেন অনেক প্রশ্নের উত্তর বাকি


Bill and melinda

বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইনকে কেন্দ্র করে যৌন পাচার–সংক্রান্ত বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের নানা প্রভাবশালী ব্যক্তির নাম ও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রকাশিত নথিতে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নাম আসার পর থেকেই বিষয়টি ঘিরে আলোচনা তীব্র হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার শিরোনাম হচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের প্রতিটি মুহূর্ত নিয়ে গভীর অনুশোচনায় ভুগছেন বিল গেটস।

অস্ট্রেলিয়ার নাইন নিউজকে বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে যেসব সময় তিনি কাটিয়েছেন, সেসবের জন্য তিনি অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে তিনি দাবি করেন, তাকে ঘিরে আলোচিত একটি ই–মেইল কখনো পাঠানো হয়নি এবং সেটি সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায়, ওই ই–মেইলের মাধ্যমে তাকে আক্রমণের চেষ্টা করা হয়ে থাকতে পারে।

বিল গেটস জানান, ২০১১ সালে প্রথমবার এপস্টেইনের সঙ্গে তার দেখা হয় এবং পরবর্তী তিন বছরে কয়েকবার তিনি তার সঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।

এদিকে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস ভিন্ন সুরে কথা বলেছেন। তার মতে, দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে বিল গেটসের এখনো অনেক প্রশ্নের জবাব দেওয়া বাকি রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ নতুন করে যে নথিগুলো প্রকাশ করে, সেখানে পাওয়া একটি খসড়া ই–মেইলে জেফরি এপস্টেইন দাবি করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। ওই ই–মেইলে আরও বলা হয়, মাদক গ্রহণ ও রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পর সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিল গেটসকে সহায়তা করেছিলেন এপস্টেইন।