
ফাইল ছবি
আগামী সপ্তাহেই দেশে আরও ১,৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারে। সে লক্ষ্যে ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানকে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা হিসাবে ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র দুই সপ্তাহ থাকায় শেষ সময়ে এসে দ্রুতগতিতে বেসরকারি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে চায় সরকার। এর আগে গত মাসে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৩,৬১৫টি প্রতিষ্ঠান আবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১,৭১৯টি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, এমপিওভুক্তির ফলে বছরে প্রয়োজন হবে ৬৭০ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা, যেখানে ইতোমধ্যে সংশোধিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ৪৭১টি, মাধ্যমিক বিদ্যালয় ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১০৫টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ ১৪৫টি। মাদরাসা পর্যায়ে রয়েছে ৭৮টি দাখিল, ২০২টি আলিম ও ৩৫টি ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠান।
শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি তুলেছেন। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে প্রাথমিকভাবে বিষয়টি ধীরগতি ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর গত বছরের শেষ দিকে সরকার নীতিতে নমনীয় হয়। এভাবেই চূড়ান্ত করা হয়েছে নতুন এমপিওভুক্তির তালিকা।








































