
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকর্মী কর্মকর্তা মোহাম্মদ আমির জানান, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃতি ও উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের সামনে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার ঘটনাও স্মরণ করিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিস্ফোরণের পর মসজিদ এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।



































