রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪০ অপরাহ্ন
শেয়ার

ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখানো ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন


trump obama

বারাক ওবামা ও মিশেল ওবামাকে বানর রূপে উপস্থাপন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক ছড়িয়ে পড়ার পর শেষ পর্যন্ত ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন তিনি।

গত বৃহস্পতিবার গভীর রাতে ট্রাম্পের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ভিডিওটি পোস্ট করা হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের দেহে তাদের মুখ বসানো অবস্থায় দেখানো হয়। ভিডিওটি প্রকাশের পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

ডেমোক্র্যাট নেতারা একে সরাসরি ‘বর্ণবাদী’ ও ‘অপমানজনক’ আখ্যা দেন। এমনকি রিপাবলিকান দলের কয়েকজন সিনেটরও ভিডিওটির কড়া সমালোচনা করে এটিকে বর্ণবাদী কনটেন্ট বলে উল্লেখ করেন। এতে করে ট্রাম্পের অতীতের বর্ণবৈষম্যমূলক মন্তব্য নিয়ে চলমান বিতর্ক আরও তীব্র হয়।

হোয়াইট হাউস প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ‘নকল’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, ভিডিওটি একটি ইন্টারনেট মিম থেকে নেওয়া, যেখানে ট্রাম্পকে ‘বনের রাজা’ এবং ডেমোক্র্যাটদের জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র লায়ন কিং-এর চরিত্র হিসেবে দেখানো হয়েছে।

তবে পরে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট নিজে নয়—একজন কর্মী ভুলবশত ভিডিওটি পোস্ট করেছিলেন। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

ভিডিওটির বাকি অংশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির পুরোনো ও প্রমাণহীন অভিযোগের পুনরাবৃত্তি করা হয়। সেখানে আবারও দাবি করা হয়, ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন প্রভাবিত করতে সহায়তা করেছে—যা আগেই একাধিকবার মিথ্যা প্রমাণিত হয়েছে।

ঘটনাটি নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বর্ণবাদ, দায়িত্বশীলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।