
ফাইল ছবি
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার হবে না এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করা হবে। এমন কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা হলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ হলেও বিএনপি সরকার গঠন করলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে।
এ সময় এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে অস্ত্র মজুত করা হচ্ছে এবং কিছু প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ না থাকার কথাও তুলে ধরেন দলের নেতারা।









































