
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন একটি ভদ্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের রায় জোর করে আদায় করা যায় না। তিনি বলেন, সহিংসতা ও বিশৃঙ্খলার মাধ্যমে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, জনগণ তাদের ক্ষমা করবে না।
শনিবার সন্ধ্যায় ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশবাসী একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন দেখতে চায়।
সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এবং একটি অতিউৎসাহী ব্যক্তির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব নাগরিককে সংযত থাকার আহ্বান জানান জামায়াত আমির।









































