
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
জাপানের সংসদ নির্বাচনে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানুয়ারিতে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন।
তাকাইচি ব্যক্তিগতভাবে ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে। তবে গত সাত দশকের বেশির ভাগ সময় ক্ষমতায় থাকা তার দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাম্প্রতিক নানা ইস্যুতে কোনঠাসা হয়ে পড়েছে এবং একটি নতুন বিরোধী জোটের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
জরিপে কী বলা হচ্ছে?
নির্বাচনের আগে করা জনমত জরিপগুলো বলছে, ৪৬৫ আসনের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ২৩৩ আসনের চেয়ে অনেক বেশি আসন নিয়ে এলডিপি স্বাচ্ছন্দ্যে জয় পেতে যাচ্ছে।
সর্বশেষ জরিপ অনুযায়ী, নিম্নকক্ষে এলডিপির বড় ধরনের বিজয় প্রায় নিশ্চিত। সদ্য গঠিত সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স এবং কট্টর ডানপন্থি সানসেইতো পার্টি বড় কোনো হুমকি হয়ে উঠতে পারছে না।
কিছু জরিপে বলা হয়েছে, এলডিপি এবং তাদের জোটসঙ্গী পপুলিস্ট জাপানিজ ইনোভেশন পার্টি মিলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩১০টি আসনও পেতে পারে।
৩১০ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেলে এলডিপি-নেতৃত্বাধীন জোট উচ্চকক্ষকে উপেক্ষা করে আইন পাস করতে পারবে, যেখানে বর্তমানে বিরোধীরা নিয়ন্ত্রণে রয়েছে।
এরকম ফলাফল এলে তা হবে তাকাইচির রাজনৈতিক গুরু ও জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবের ২০১৭ সালের বিজয়ের পর এলডিপির সবচেয়ে শক্তিশালী ফল। ২০২২ সালে আবেকে হত্যা করা হয়।
এমন ফল জাপানের রাজনীতিতে ডানদিকে বড় ধরনের ঝুঁকে পড়া নির্দেশ করবে। ২০২৪ সালের নির্বাচনে খারাপ ফলের পর থেকে এলডিপি কেবল অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল এবং আইন পাস করাতে হিমশিম খাচ্ছিল।
‘আয়রন লেডি’ অনুপ্রেরণা
উচ্চঝুঁকির এই আগাম নির্বাচনের আগে তাকাইচি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে—যিনি ‘আয়রন লেডি’ নামে পরিচিত—নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তার ‘কাজ, কাজ, কাজ, কাজ এবং কাজ’ করার অঙ্গীকার ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে।
একজন অতিরক্ষণশীল এবং চীনবিরোধী নেতা হিসেবে তাকাইচি বেইজিংয়ের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে জাপানের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক সক্ষমতা বাড়াতে চান। এ ছাড়া তিনি কঠোর অভিবাসন নীতির পক্ষে এবং জাপানের অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।



































