শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
শেয়ার

মান্না বেঁচে থাকলে শাকিবের উত্থান সহজ হতো না: সোহেল রানা


Sohel Ranaঢালিউড চলচ্চিত্রের দুই প্রজন্মের দুই সফল নায়ক মান্না ও শাকিব খান। তাদের জনপ্রিয়তা ও প্রভাব নিয়ে এবার খোলামেলা কথা বললেন প্রবীণ অভিনেতা সোহেল রানা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, মান্না বেঁচে থাকলে শাকিব খানের শীর্ষস্থানে আরোহণ করা এতটা সহজ হতো না। সোহেল রানার মতে, মান্নার মতো একজন শক্তিশালী অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ওঠা যেকোনো নায়কের জন্যই ছিল চরম চ্যালেঞ্জিং।

সোহেল রানা স্মৃতিচারণ করে বলেন, মান্নার সময়টা ছিল ঢালিউডে একক আধিপত্যের যুগ। বিশেষ করে মান্নার কথা বলার নিজস্ব ভঙ্গি ও আঞ্চলিক টান দর্শক দারুণ পছন্দ করতেন। টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলের সেই বিশেষ বাচনভঙ্গি মান্নার কণ্ঠে এমনভাবে মানিয়ে যেত যে, তিনি তা সারা দেশে জনপ্রিয় করে তুলেছিলেন। অভিনয় দক্ষতার দিক থেকেও মান্না ছিলেন অনন্য; যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে নিজের দখলে রাখতে জানতেন এই অভিনেতা।

Mannaতৎকালীন ও বর্তমান সময়ের জনপ্রিয়তার তুলনা করতে গিয়ে সোহেল রানা জানান, একটা সময় রাজ্জাক বা তাঁর মতো অভিনেতাদের নিয়ে দর্শকদের মধ্যে পক্ষ-বিপক্ষ থাকলেও, মান্না যখন শীর্ষে ছিলেন তখন তিনি ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে। তাঁর বিপক্ষে আলোচনার কোনো সুযোগ দর্শক রাখতেন না। ঠিক একই চিত্র এখন শাকিব খানের ক্ষেত্রেও দেখা যায়। বর্তমান সময়ে শাকিব যেমন ‘আনপ্যারালাল’ বা অপ্রতিদ্বন্দ্বী, মান্নাও তাঁর সময়ে ঠিক তেমনই ছিলেন।

Shakibসোহেল রানা আরও উল্লেখ করেন যে, একসময় মান্না মানেই ছিল সিনেমার লগ্নির সুরক্ষা এবং হিট হওয়ার নিশ্চয়তা। প্রযোজকরা চোখ বন্ধ করে তাঁর ওপর ভরসা করতেন, ঠিক যে ভরসা এখনকার সময়ে শাকিব খানের সিনেমার ওপর পাওয়া যায়। উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান চিত্রনায়ক মান্না। মৃত্যুর ঠিক আগের রাতেও তিনি শুটিং শেষ করে বাসায় ফিরেছিলেন। দীর্ঘ সময় পার হলেও আজও ঢালিউডের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন এই কিংবদন্তি।