শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
শেয়ার

প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং-কবে আসছে সালমানের ‘ব্যাটল অব গলওয়ান’?


Battle of galwanগত বছর বক্স অফিসে ‘সিকান্দার’ আশানুরূপ সাফল্য না পাওয়ায় সালমান খানের পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। তবে ১৭ এপ্রিল ছবিটির মুক্তির কথা থাকলেও বর্তমানে তা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

মূলত শুটিংয়ে বিলম্ব, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জটিলতা মিলিয়ে এপ্রিলের নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে, নির্মাতারা এখন আগামী ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন, যাতে দেশাত্মবোধক এই সিনেমাটি দর্শকদের আবেগের সঙ্গে আরও গভীরভাবে মিশে যেতে পারে।

জানা গেছে, ‘সিকান্দার’-এর শুটিং চলাকালীন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি এবং নানাবিধ প্রাণের ঝুঁকির পর থেকেই সালমানের নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে সাম্প্রতিক হামলার ঘটনার পর ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেটে নিরাপত্তার চাদর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। আজ ৯ ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে এক সপ্তাহের একটি বিশেষ শুটিং শিডিউল শুরু হয়েছে, যা ফেব্রুয়ারির শেষ নাগাদ পুরোপুরি সম্পন্ন হতে পারে।

তবে কেবল শুটিং শেষ করলেই কাজ শেষ নয়; দেশাত্মবোধক এবং সংবেদনশীল কাহিনীর ছবি হওয়ায় এটি মুক্তির আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (Ministry of Defense) বাধ্যতামূলক ছাড়পত্র নিতে হবে। এই অনুমোদন প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ হওয়ায় ১৭ এপ্রিলের ডেডলাইন ধরা প্রায় অসম্ভব।

সালমান খান নিজেও নাকি ছবির মান ও উপস্থাপনায় কোনো আপস করতে রাজি নন। তিনি মনে করেন, তাড়াহুড়ো না করে সময় নিয়ে একটি সুনিপুণ ছবি দর্শকদের উপহার দেওয়া শ্রেয়। পরিচালক অপূর্ব লাখিয়া এবং সালমান এখনো কিছু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও বর্তমান পরিস্থিতিতে ১৭ এপ্রিলের বদলে আগস্টেই ‘ভাইজান’-এর বড় পর্দায় ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি।