রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শেয়ার

ইরানের জলসীমা থেকে বাণিজ্যিক জাহাজ সরিয়ে রাখার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের


Hormuzইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।  মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের প্রধান এই নৌপথে মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন।

গত সোমবার এক নির্দেশনায় জানানো হয়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রেখে ইরান সীমান্ত থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যদি কোনো কারণে ইরানি বাহিনী জাহাজে ওঠার অনুমতি চায়, তবে ক্রদের তা মৌখিকভাবে প্রত্যাখ্যান করতে বলা হয়েছে; তবে কোনো ধরনের শারীরিক প্রতিরোধ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে আসছে। ইতিপূর্বে ইরান বহুবার হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং চোরাচালানের অভিযোগে বিভিন্ন তেলবাহী ট্যাংকার আটক করেছে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অঞ্চলে একটি বিমানবাহী রণতরীসহ শক্তিশালী নৌবহর মোতায়েন থাকায় সমরবিশারদদের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

উত্তেজনার এই আবহে অবশ্য ইতিবাচক কূটনীতির ছোঁয়াও দেখা গেছে ওমানের রাজধানী মাসকাটে। দেশটির মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের কূটনীতিকদের মধ্যে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পারমাণবিক বিষয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার আলোচনা বেশ ইতিবাচকভাবে শুরু হয়েছে। ওয়াশিংটনও এই আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছে।

তবে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক নির্বাহী আদেশের মাধ্যমে চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ইরান থেকে সরাসরি বা পরোক্ষভাবে পণ্য আমদানি করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। একদিকে ওমানের টেবিলে কূটনীতির আলাপ, অন্যদিকে বাণিজ্য নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালিতে সামরিক সতর্কবার্তা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে।