রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শেয়ার

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার


Tasnim jaraঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং নানাভাবে হেনস্তা করার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ফুটবল মার্কার এই প্রার্থী অভিযোগ করে বলেন, বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম চালাতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না অথবা বের করে দেওয়া হচ্ছে। তাসনিম জারা দাবি করেন, “বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে,আপনারা তো এখানকার ভোটার না। অথচ পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে এমন কোনো নিয়ম নেই। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট থাকার কারণ দেখিয়েও অনেককে বের করে দেওয়া হচ্ছে।”

এ সময় এজেন্টদের স্মার্টফোন ব্যবহারের নিয়ম নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনেন তিনি। জারা বলেন, “বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ নিয়ম হলো ফোন নিয়ে ঢোকা যাবে কিন্তু ভেতরে ব্যবহার করা যাবে না। আমি যখন প্রিজাইডিং অফিসারদের কাছে এসব বিষয়ে জানতে চাচ্ছি, তখন তারা কোনো সদুত্তর দিতে পারছেন না।”

পোলিং এজেন্টদের বের করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার দাবি জানান।

এর আগে, সকাল ৮টা ৪০ মিনিটে খিলগাঁও তালতলাস্থ প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তাসনিম জারা। তবে তিনি নিজে ঢাকা-৯ আসনের প্রার্থী হলেও ভোটার ছিলেন ঢাকা-১১ আসনের। ফলে নিজ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। ভোট গ্রহণ শুরুর পর থেকেই মাঠের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন এই তরুণ প্রার্থী।