রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড


S K

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রেখেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির একটি আদালত এ রায় দেন। খবর রয়টার্সের।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৬১ বছর বয়সী লি-কে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে বলা হয়, তিনি পুলিশ ও দমকল বিভাগকে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। বিচারক আরও উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট ইউন-এর অভিশংসন প্রক্রিয়ার সময় এসব পদক্ষেপ নেওয়ার কথা অস্বীকার করে লি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

মামলার বিচারক রিউ কিউং-জিন মন্তব্য করেন, সরকারের সমালোচনামূলক গণমাধ্যমের বিরুদ্ধে বলপ্রয়োগের চেষ্টা জনমনে বিদ্রোহবিরোধী অবস্থানকে দুর্বল করে দেয়। এতে করে ষড়যন্ত্র বাস্তবায়নের পথ আরও সহজ হয়ে ওঠে।

গত মাসে বিশেষ প্রসিকিউটররা লির বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড চেয়ে আবেদন করেন। তাদের দাবি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বিদ্রোহ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে লি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর গত আগস্ট থেকে তিনি আটক অবস্থায় আছেন।