
আড়াই বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সম্প্রতি তাকে ঘিরে ছড়ানো বিয়ে ও দেশে ফেরা সংক্রান্ত গুজবকে ভিত্তিহীন ও বিরক্তিকর বলে মন্তব্য করেছেন।
মৌসুমী বলেছেন, মানুষের কাছে সত্যের চেয়ে মিথ্যা খবরই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিউ পাওয়ার আশায় এমন অপপ্রচার ছড়ানো হচ্ছে।
মৌসুমীর অভিযোগ, শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া গল্প তৈরি করে প্রচার করা হচ্ছে, যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। তিনি বলেন, শিল্পীরা মানুষ- তাদেরও ব্যক্তিগত জীবন আছে, আর এসব গুজবে তিনি অতীতেও গুরুত্ব দেননি, ভবিষ্যতেও দেবেন না।
দেশে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জানান, অনেক আগেই ফেরার পরিকল্পনা থাকলেও বর্তমানে অসুস্থ মায়ের দেখাশোনার কারণে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং এই মুহূর্তে মায়ের পাশেই থাকা তার জন্য সবচেয়ে জরুরি।








































