শাহিদ কাপুর এবং বিশাল ভরদ্বাজ জুটি মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। কামিনে, হায়দার এবং রেঙ্গুনের পর এই জুটি এবার নিয়ে এসেছে ‘ও রোমিও’। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রাজকীয় সূচনা করেছে সিনেমাটি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এই ছবিতে শাহিদের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তৃপ্তি দিমরি। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যে তুমুল আগ্রহ ছিল, বক্স অফিসের আয়ের অংকে তার প্রতিফলন স্পষ্ট।
বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্ক-এর তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘ও রোমিও’ আয় করেছে ৮.২৫ কোটি রুপি। এই আয়ের মধ্য দিয়ে শাহিদ তার সাম্প্রতিক সিনেমাগুলোর ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন। এর আগে তার অভিনীত ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ (৬.৭০ কোটি), ‘দেবা’ (৫.৫০ কোটি) এবং ‘জার্সি’ (৩.২০ কোটি) ছবিগুলোর তুলনায় ‘ও রোমিও’ প্রথম দিনে বেশ শক্ত অবস্থানে রয়েছে। একই দিনে মুক্তি পাওয়া অন্যান্য ছবির তুলনায়ও শাহিদের ছবি অনেকটা এগিয়ে। যেখানে ‘বর্ডার ২’ প্রথম দিনে আয় করেছে মাত্র ৮০ লাখ রুপি এবং ‘মারদানি ৩’ সংগ্রহ করেছে প্রায় ৬০ লাখ রুপি।
ছবির প্রচার চলাকালীন হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর জানিয়েছিলেন, এই সিনেমার সবচেয়ে কঠিন দিক ছিল তার ‘ট্যাটুভরা লুক’ ফুটিয়ে তোলা। প্রতিদিন মেকআপ চেয়ারে বসে এই লুক তৈরি করতেই তার সময় লাগত প্রায় ২ থেকে আড়াই ঘণ্টা। সিনেমাটি গতানুগতিক সুপারহিরো ঘরানার না হলেও এর প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ভিএফএক্স এবং বিশেষ ধরনের পোশাকের মাধ্যমে। ফলে পুরো বিষয়টি শাহিদের জন্য অভিনয়ের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
শাহিদ কাপুরের ক্যারিয়ারে বিশাল ভরদ্বাজের সঙ্গে এটি চতুর্থ কাজ হলেও তৃপ্তি দিমরির জন্য বিশালের সঙ্গে এটি প্রথম ছবি। শাহিদ ও তৃপ্তির এই নতুন রসায়ন দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবিটিতে আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি, নানা পাটেকর এবং ফরিদা জালালের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। প্রথম দিনের সফল শুরুর পর এখন সবার নজর সিনেমাটির সপ্তাহান্তের আয়ের দিকে।












































