রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির


tareque-modi

তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার দলের প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে মোদির উপস্থিত থাকার সম্ভাবনা কম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারি ভারতের সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই দিনই মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবরে আরও বলা হয়, ওই বৈঠকের পর ম্যাক্রোঁ নয়াদিল্লিতে একটি এআই ইমপ্যাক্ট সম্মেলনে অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন।

হিন্দুস্তান টাইমস জানায়, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে দেশটির ভাইস–প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও জোরদার হবে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে দুই দেশ একযোগে কাজ করবে।

ভারতীয় প্রধানমন্ত্রীর এমন শুভেচ্ছা বার্তার জন্য বিএনপির পক্ষ থেকেও মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।