
ছব: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এক যুগেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তবে বিয়ের পর এই তারকার যাপিত জীবন এবং ভালোবাসার সংজ্ঞায় এসেছে আমূল পরিবর্তন। ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও এখন তাঁর পৃথিবী জুড়ে রয়েছেন তাঁর জীবনসঙ্গিনী।
সময়ের সঙ্গে জোভানের কাছে ভালোবাসার অনুভূতি আরও গভীর হয়েছে। অভিনেতা খোলাখুলিভাবেই জানালেন, বিয়ের পর জীবন এখন অনেক বেশি সুন্দর। জোভান বলেন, “এখন ভালোবাসা মানেই আমার স্ত্রী। পরিবার সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, আর সেই পরিবারে স্ত্রী আসার পর জীবনটা আরও গোছানো ও শান্তিময় হয়েছে।”
বর্তমান যুগের ‘ঘোস্টিং’, ‘বেঞ্চিং’ বা ‘সিচুয়েশনশিপ’-এর মতো আধুনিক সম্পর্কের জটিল শব্দগুলো নিয়ে একেবারেই মাথা ঘামান না এই তারকা। নিজেকে ‘মিলেনিয়াল’ প্রজন্মের মানুষ দাবি করে তিনি রসিকতা করে বলেন, “এই শব্দগুলো আসলে জেন-জিদের টার্ম। আমি যেহেতু মিলেনিয়াল, তাই এসব আমি খুব একটা বুঝি না।”
ভালোবাসা দিবসেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন জোভান। তবে এই ব্যস্ততা নিয়ে স্ত্রীর কোনো অভিযোগ নেই, বরং রয়েছে অগাধ বিশ্বাস ও বোঝাপড়া। জোভান জানান, তাঁর স্ত্রী কাজের গুরুত্ব বোঝেন বলেই তিনি মানসিক প্রশান্তি নিয়ে কাজ করতে পারেন। স্ত্রীর এমন সাপোর্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি খুবই ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার প্রিয় মানুষটিকে বলতে চাই, তোমাকে খুব ভালোবাসি।”
প্রিয় মানুষের সঙ্গে প্রতিদিন নতুন নতুন স্মৃতি তৈরি করাকেই জীবনের বড় প্রাপ্তি বলে মনে করেন এই অভিনেতা।










































