
অভিনেতা রাজপাল যাদব
৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ ১১ দিন তিহার জেলে কাটানোর পর অবশেষে বড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। সোমবার দিল্লি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর রাতেই বাড়ি ফিরেছেন এই অভিনেতা। মূলত ভাইয়ের মেয়ের (ভাইঝি) বিয়েতে অংশ নেওয়ার মানবিক কারণ বিবেচনা করেই আদালত তাঁর এই জামিন মঞ্জুর করে।
রাজপালের এই মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার। অভিনেতার ভাই চন্দ্রপাল যাদব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত কয়েকটা দিন তাঁদের অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কারও প্রতি কোনো অভিযোগ না থাকলেও তিনি আশাবাদী যে, পরিবারের সুদিন আবার ফিরতে শুরু করেছে। যদিও এর আগে আদালত রাজপালের ওপর বেশ ক্ষুব্ধ ছিল। বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চ রাজপালকে মনে করিয়ে দেন যে, এর আগে বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি পাওনাদারের অর্থ মেটাতে ব্যর্থ হয়েছেন এবং আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন।
তবে জেলজীবনে থাকলেও রাজপালের পেশাদার ক্যারিয়ারে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এই বিপদের দিনে বলিউডের অনেক ব্যক্তিত্বই তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত ১১ দিনে জেলে থাকা অবস্থাতেই তাঁর কাছে এসেছে নামী পরিচালক ও ব্র্যান্ডের কাজের প্রস্তাব।
জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন তাঁর আগামী ছবিতে অভিনয়ের জন্য রাজপালকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি গায়ক গুরু রানধাওয়া তাঁর মিউজিক ভিডিওর জন্য অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন এবং বক্সার বিজেন্দর সিংও তাঁর পরবর্তী ছবির জন্য রাজপালকে কাস্ট করার আগ্রহ প্রকাশ করেছেন।
এমনকি ‘ইয়েস ম্যাডাম’–এর মতো সংস্থাও তাদের বিজ্ঞাপনের জন্য রাজপালের টিমের সঙ্গে কাজ শুরু করেছে। আইনি জটিলতা থাকলেও কাজের এই জোয়ার অভিনেতার জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। তবে মামলার শুনানি এখনই শেষ হচ্ছে না; আগামী ১৮ মার্চ আবারও চেক বাউন্স মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।











































