
ছবি: সংগৃহীত
পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদ চত্বরের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। স্থানীয় সূত্রের বরাতে মিডল ইস্ট মনিটর এই খবর নিশ্চিত করেছে।
তবে শেখ আব্বাসিকে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে অথবা তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জেরুজালেমের ওল্ড সিটি ও আল-আকসা চত্বরে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আল-আকসার ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপের পাশাপাশি সাধারণ মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি বৃদ্ধি করেছে ইসরায়েলি পুলিশ। অন্যদিকে, পুলিশের পাহারায় ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ চত্বরে প্রবেশের হার আগের চেয়ে বেড়ে গেছে।
এদিকে, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। সেই উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাতে আল-আকসা মসজিদে প্রথম তারাবি নামাজ আদায় করতে হাজার হাজার ফিলিস্তিনি সমবেত হন।
নামাজ চলাকালীন ইসরায়েলি পুলিশ পুরো মসজিদ এলাকা ঘিরে রাখে এবং অসংখ্য তরুণ ফিলিস্তিনিকে ভেতরে ঢুকতে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া পাহারার মধ্যেও মসজিদের মূল প্রার্থনালয় এবং আঙিনা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ ছিল। প্রথম তারাবি নামাজে ইমামতি করেন আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে।
বর্তমান পরিস্থিতিতে আল-আকসা চত্বরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মুসলিমদের ধর্মীয় অধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।



































