
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি সীসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্লাটো রাজ্যের বাশার জেলার কামপানিন জুরাক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ফরাসি বার্তা সংস্থা ফ্রান্স প্রেস সংবাদ সংস্থা (এএফপি)-কে জানিয়েছে।
অঞ্চলটির ভারপ্রাপ্ত ঐতিহ্যবাহী শাসক আলহাজ্জি আলিয়ু আদামু ইদ্রিস জানান, এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২৭ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। সে সময় শ্রমিকরা খনির ভেতরে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস বিস্ফোরণে বহু শ্রমিক ভেতরে আটকা পড়েন।
নাইজেরিয়ায় খনি খাতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বর মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সময় একটি অবৈধ খনিতে পাথর ধসে অন্তত ১৮ জন নিহত হন।
বিশ্লেষকদের মতে, খনি খাতে দীর্ঘদিন ধরে নিরাপত্তা জোরদারের দাবি থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।



































