
চিত্রনায়ক শাকিব খান
দেশের চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও নাট্যাঙ্গনের আমূল পরিবর্তনের লক্ষ্যে নতুন সরকারের কাছে নিজের সুনির্দিষ্ট প্রত্যাশা তুলে ধরেছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি মনে করেন, আমাদের সংস্কৃতির উন্নয়নে এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছ নীতি, স্বাধীন কর্মপরিবেশ এবং প্রকৃত যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন।
শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে চলমান বিতর্কের অবসান চান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পুরস্কার প্রদানের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া উচিত। রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতি দূর করতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ এবং কঠোর নীতিমালা প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। একইভাবে সরকারি অনুদানের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
অনুদান দেওয়ার প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব যাতে না থাকে, সেজন্য একটি স্বচ্ছ কমিটি গঠন এবং অনলাইন স্কোরিং পদ্ধতির মাধ্যমে মেধাবীদের উৎসাহ দেওয়ার কথা বলেছেন এই তারকা।
দেশের কমতে থাকা প্রেক্ষাগৃহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শাকিব খান। তিনি মনে করেন, মানুষ এখন পরিবার নিয়ে ছবি দেখতে আগ্রহী, কেবল তাদের জন্য সুন্দর ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। সারা দেশের বন্ধ ও জরাজীর্ণ প্রেক্ষাগৃহগুলো সংস্কারের জন্য তিনি স্বল্প সুদে ঋণ, করছাড় এবং বিশেষ পুনর্গঠন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে আধুনিক মাল্টিপ্লেক্স স্থাপন এবং যেসব জেলায় বড় প্রেক্ষাগৃহ নেই, সেখানে কম আসনের ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ নির্মাণের পরামর্শ দিয়েছেন তিনি। এতে স্থানীয় উদ্যোক্তারা যুক্ত হতে পারবেন এবং নির্মাণ ব্যয়ও সাধ্যের মধ্যে থাকবে।
নতুন প্রেক্ষাগৃহ নির্মাণে ভ্যাট ও ট্যাক্স ছাড়ের পাশাপাশি প্রজেকশন ও সাউন্ড যন্ত্র আমদানিতে শুল্ক কমানোর মতো প্রণোদনা দেওয়ার কথা বলেছেন তিনি। শাকিব খানের মতে, আধুনিক প্রযুক্তি যেমন ডিজিটাল প্রজেকশন ও অনলাইন টিকেটিং ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের জন্য নির্দিষ্ট প্রদর্শন কোটা এবং পরিবারবান্ধব কনটেন্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।
সবশেষে, শিল্পীদের জন্য একটি ঝামেলামুক্ত ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রেক্ষাগৃহগুলোকে কেবল সিনেমা দেখানোর জায়গা নয় বরং সামগ্রিক সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শাকিব খান।










































