
ফাইল ছবি
কিছু মন্ত্রীর অপ্রয়োজনীয় ও বেসামাল বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। তিনি মনে করেন, পরিস্থিতি সামাল দিতে হলে কয়েকজন মন্ত্রীকে গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখা প্রয়োজন। প্রয়োজনে তাদের ‘মুখে টেপ লাগিয়ে’ দেওয়ার নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সোহেল রানা। পোস্টে তিনি লেখেন, দেশের মানুষ নতুন সরকারপ্রধানকে গত কয়েক দিনে আনন্দ ও আশার সঙ্গে গ্রহণ করেছে। তবে কিছু মন্ত্রীর অপ্রাসঙ্গিক ও অসংযত বক্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
তিনি বলেন, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ তথ্য না থাকলে মন্ত্রীদের প্রেসের সামনে এসে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কথা বলার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য দপ্তরের মুখপাত্রের মাধ্যমেই সংবাদ প্রকাশ করা যেতে পারে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মন্ত্রীদের গণমাধ্যমে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মত দেন তিনি।
সোহেল রানা আরও উল্লেখ করেন, যারা নতুন সংসদ সদস্য হয়ে পরে মন্ত্রী হয়েছেন, তাদের কেউ কেউ ভুলে যাচ্ছেন যে তারা এখন সরকারের প্রতিনিধি—শুধু রাজনৈতিক দলের নেতা নন। তাদের ‘টালমাটাল’ বক্তব্য দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর ওপরও প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া কেউ কেউ নিজ দপ্তরের বাইরেও উসকানিমূলক মন্তব্য করছেন বলেও ইঙ্গিত করেন এই অভিনেতা। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সোহেল রানা বলেন, এখন থেকেই লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।









































