রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে সংসদ অধিবেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


parliament

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার এক–দুদিন আগে বসতে পারে। শনিবার রাতে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশ ও শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ঈদের আগেই পর্যায়ক্রমে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের কার্যক্রম শুরু করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় গুরুদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঈদের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, দেশে মেধাভিত্তিক ও বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার প্রসার এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর তৃতীয় কর্মদিবস। সকালে কার্যালয়ে প্রবেশের সময় মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান। তিনি কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন।

এদিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ উপস্থিত ছিলেন।