
বলিউড ও হলিউডে সমানভাবে সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, তারকাখ্যাতিকে জীবনের চূড়ান্ত লক্ষ্য ভাবা ঠিক নয়; একজন শিল্পীর প্রকৃত সার্থকতা হলো নিজের কাজকে ভালোবাসা। তিনি মনে করেন, খ্যাতিকে শেষ গন্তব্য ধরে নিলে তা সৃজনশীলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
নিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য ব্লাফ’-এর প্রচারণায় অংশ নিয়ে তিনি খ্যাতি, আত্মবিশ্বাস ও মাতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিও–তে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে তিনি অভিনয়ের পাশাপাশি রুশো ব্রাদার্সের সঙ্গে সহপ্রযোজক হিসেবেও যুক্ত, যা হলিউডে তার প্রথম প্রযোজনা।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ছোট-বড় সব কাজেই নিজের সেরাটা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে জানান, আত্মবিশ্বাস জরুরি হলেও অন্যকে বিভ্রান্ত করে পাওয়া সাফল্য কখনো স্থায়ী হয় না। ছবিটিতে এক সাহসী মায়ের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মেয়েদের নিজেদের শক্তিশালী করা ও নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।









































