রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন


ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং। তিনি জানান, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, চীন নতুন সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সমর্থন করে এবং বর্তমান সরকারের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় দুই দেশের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আমলে তা পরিপক্বতা পায়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং। জাতীয় সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে এবং চীন এ প্রকল্পে কাজ করতে প্রস্তুত। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।