
ব্রাজিল প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা
ব্রাজিল কোনো ধরনের ‘নতুন স্নায়ুযুদ্ধ’ চায় না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত সফরের আগে ওয়াশিংটনের প্রতি সব দেশের সঙ্গে সমান আচরণের এই আহ্বান জানালেন তিনি।
ভারত সফর শেষে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি বিশ্বের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কথা তুলবেন। ব্রজিল অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিপক্ষে এবং তারা চায় প্রতিটি রাষ্ট্রকে যেন সমান মর্যাদা ও গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়।
আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লুলা জানান, তাঁদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য সম্প্রসারণ, অভিবাসন সমস্যা সমাধান, নতুন বিনিয়োগ এবং দুদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অংশীদারত্ব। তবে এই হৃদ্যতাপূর্ণ আলোচনার পাশাপাশি গাজা যুদ্ধ পরিস্থিতি, ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট এবং ট্রাম্পের বিতর্কিত ‘শান্তি পর্ষদ’ নিয়ে দুই নেতার মধ্যে আদর্শিক মতপার্থক্য ও টানাপোড়েন থাকার সম্ভাবনাও রয়েছে।
লুলার এই সফর দক্ষিণ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের নতুন সমীকরণ নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।






































